যুবসাথী প্রকল্পে ভাতার পাশাপাশি চাকরির আশ্বাস, প্রচার সভা থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্প নিয়ে ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙার এক নির্বাচনী সভা থেকে তিনি জানান, এই প্রকল্পে আবেদনকারীদের শুধু আর্থিক সহায়তাই নয়, ভবিষ্যতে চাকরির সুযোগের বিষয়টিও সরকার দেখবে।

মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা যুবসাথীতে আবেদন করবেন, তাঁদের চাকরির বিষয়টাও আমরা দেখব। যাঁরা এখনও প্রকল্পের সুবিধা পাননি, তাঁরাও ধীরে ধীরে পাবেন এবং তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।”

বর্তমানে যুবসাথী প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রায় ৮৪ লক্ষ থেকে ১ কোটির কাছাকাছি বলে জানা গেছে। এত বিপুল সংখ্যক আবেদন যাচাই করতে সময় লাগছে বলেই অনেকের সুবিধা পেতে দেরি হচ্ছে।

এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পান। সর্বোচ্চ ৫ বছর অথবা চাকরি না পাওয়া পর্যন্ত (যেটি আগে হবে) এই ভাতা দেওয়া হয়। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক।

অন্যদিকে, বিজেপিও বেকার যুবকদের জন্য পৃথক প্রতিশ্রুতি দিয়েছে। দলের তরফে ঘোষণা করা হয়েছে, কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আগামী ৫ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Trending Now