IT-র ম্যারাথন তল্লাশির পর দেবাশিস কুমারের দাবি, “আমার মার্জিনটা আরও বাড়বে”

ভোটের আগে আয়কর দফতরের ম্যারাথন তল্লাশির পর প্রতিক্রিয়া দিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার। তাঁর দাবি, এই তল্লাশির ঘটনায় রাজনৈতিকভাবে তাঁরই লাভ হবে এবং ভোটে তাঁর জয়ের ব্যবধান আরও বাড়তে পারে।

শুক্রবার দেবাশিস কুমারের বাড়ি-সহ মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর (IT)। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানের সময় তাঁর বাড়ির সামনে তৃণমূল কর্মী-সমর্থকরা বিক্ষোভও দেখান।

তল্লাশি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস কুমার বলেন, এই অভিযানের ফলে তাঁর দিনের প্রচার বন্ধ হয়ে গেছে, সেটাই সবচেয়ে বড় প্রভাব। তবে তিনি জানান, আয়কর দফতর কী কী পেয়েছে, তা তাদের লিখিতভাবে জানাতে হবে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজন হলে তিনি অবশ্যই জবাব দেবেন বলেও স্পষ্ট করেন।

তিনি আরও বলেন, “এই ঘটনায় আমারই সুবিধা হয়েছে বলে মনে হচ্ছে। আমার মার্জিনটা বাড়বে। কারণ বারবার আমাকে আটকানো হচ্ছে মানে কেউ ভয় পাচ্ছে। আমি ইতিমধ্যেই আমার বিধানসভা এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষের কাছে পৌঁছে গেছি। দু-একদিন প্রচার বন্ধ থাকলেও তাতে ভোটে বিশেষ প্রভাব পড়বে না।”

দেবাশিস কুমার দাবি করেন, তিনি স্বচ্ছতার সঙ্গে কাজ করেন এবং তদন্তে কোনও বাধা দেননি। নির্দিষ্ট অভিযোগ থাকলে তার প্রমাণ দেখানোর আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, “যদি কোনও নির্দিষ্ট নথি থাকে, তা দেখানো হোক। আমাকে যতবার ডাকা হবে, আমি ততবারই হাজির হব। বিশেষ সূত্রের অভিযোগের উত্তর আমি দেব না।”

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটের ফলই সব প্রশ্নের উত্তর দেবে। ৪ মে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং রাসবিহারীর মানুষ কাকে সমর্থন করবেন, তা সেদিনই স্পষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Trending Now