বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে হিঙ্গলগঞ্জে নির্বাচনী জনসভা থেকে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি ইস্যুকে সামনে এনে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
হিঙ্গলগঞ্জের নেবুখালি বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দানে আয়োজিত জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যে প্রার্থীকে হিঙ্গলগঞ্জে দাঁড় করিয়েছে, সন্দেশখালি ঘটনায় তাঁর ভূমিকা সম্পর্কে মানুষ সব জানেন। তিনি অভিযোগ করেন, মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ তৈরির ঘটনায় নেতৃত্বে ছিলেন রেখা পাত্র। এই নির্বাচন তাঁদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে সন্দেশখালি আন্দোলনের মুখ হিসেবে রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি। সেই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর বিধানসভা নির্বাচনে তাঁকে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করায় দলের অন্দরেই অসন্তোষ দেখা দেয়।
হিঙ্গলগঞ্জে রেখা পাত্রকে প্রার্থী করার সিদ্ধান্তের বিরোধিতা করে বিজেপির একাংশ কর্মী-সমর্থক সল্টলেকে দলের রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভও দেখান। তাঁদের দাবি ছিল, হিঙ্গলগঞ্জের স্থানীয় কোনও ‘ভূমিপুত্র’ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক।
এছাড়াও কর্মীদের অভিযোগ, লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এলাকায় কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াননি রেখা পাত্র। সেই কারণেই তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি ওঠে দলের একাংশের তরফে।
ভোটের আগে এই মন্তব্য ও দলীয় অসন্তোষকে কেন্দ্র করে হিঙ্গলগঞ্জে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

