বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে নিরাপত্তা জোরদারের মধ্যেই মালদা টাউন রেল স্টেশন থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশিকে গ্রেফতার করল রেল পুলিশ (GRP)। টিকিট কাউন্টারের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যাওয়ায় তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) এবং মহম্মদ সোনি (১৯)। তাঁরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টা নাগাদ মালদা টাউন স্টেশনের টিকিট কাউন্টারের সামনে তাঁদের ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় মালদা টাউন জিআরপি-র। এরপর জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন।
প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছেন, দুই দিন আগে এক দালালের সাহায্যে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত দিয়ে তাঁরা ভারতে ঢোকেন। সীমান্ত পার করানোর পর ওই দালাল তাঁদের ছেড়ে পালিয়ে যায়। পরে তাঁরা চেন্নাই গিয়ে কাজের খোঁজ করার পরিকল্পনা করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু করা হয়েছে। তাঁদের মালদা জেলা আদালতে তোলা হবে এবং সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছে রেল পুলিশ।
উল্লেখ্য, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ নজরদারিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও রেল স্টেশনে তল্লাশি জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে মোট ২,৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

